ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার মধ্যে এই দুই শিশুর মৃত্যু ঘটে। মৃত শিশুরা হলো—গৌরীপুর উপজেলার বুলবুল হোসেনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুর উপজেলার হুমায়ুন মিয়ার ৯ মাস বয়সী ছেলে সোহান।
হাসপাতাল সূত্রে জানা যায়, সোহানকে গত ২২ মার্চ ভর্তি করা হয় এবং শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সাদেকুলকে ১১ এপ্রিল ভর্তি করা হয় এবং একইদিন রাতে তার মৃত্যু ঘটে।
এ সময়ের মধ্যে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ৩১ শিশু ভর্তি হয়েছে। রোববার সকাল পর্যন্ত মোট ৭৮ শিশু চিকিৎসাধীন ছিল। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪০২ শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১২ শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৮ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। রোগীদের চিকিৎসার জন্য ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম কাজ করছে। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, নতুন করে ৩১ শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

