রংপুর নগরীতে একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় বালাকুয়ার চওড়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই রাতে তিনি মোটরসাইকেলে তেল নিতে সুরমা ফিলিং স্টেশনে যান এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হৃদ্রোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন।

