পয়লা বৈশাখকে ঘিরে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তিনটি কনসার্টে অংশ নিতে যাচ্ছে জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ আরও বহু জনপ্রিয় মৌলিক গান।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ডটি রক, লোকসংগীত ও সমসাময়িক সাউন্ডের মিশেলে নিজেদের স্বতন্ত্র সংগীতধারা গড়ে তুলেছে। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে পারফর্ম করে তারা বাংলা ব্যান্ড সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে।
১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে চিরকুট প্রথমে বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারফর্ম করবে। এ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন। একই দিনে সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট-এর আমন্ত্রণে আরেকটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।
এরপর ১৫ এপ্রিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের আয়োজনে আরও একটি কনসার্টে অংশ নেবে চিরকুট।
ব্যান্ডটির ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি জানান, তরুণদের ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি। তিনি বলেন, তারুণ্যের ভালোবাসা নিয়েই আমরা বারবার মঞ্চে ফিরি। বৈশাখ উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, বৈশাখকে ঘিরে ‘দামী’, ‘যাদুর শহর’, ‘মরে যাব’, ‘দুনিয়া’ ও ‘কানামাছি’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হবে।
চিরকুটের এই বৈশাখী আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

