ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন মোল্লা (৩৭)। তিনি ভাঙ্গা উপজেলা পৌর সদরের চৌধুরীকান্দা গ্রামের সেকেন মোল্লার ছেলে এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটির চালক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বাঙ্গি বোঝাই একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসার সময় বাবলাতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন এবং বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত পিকআপের এক যাত্রী ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

