প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। দীর্ঘ এই সময়ে শিক্ষার জন্য কোনো সুস্পষ্ট ও কার্যকর ভিশন ছিল না বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে রূপগঞ্জকে একটি আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে এ সেমিনারের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত মনোযোগ না দেওয়ায় কাঙ্ক্ষিত মানোন্নয়ন সম্ভব হয়নি। এর ফলে বর্তমানে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করার পরও অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না। এই পরিস্থিতির প্রেক্ষিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। তবে উদ্বেগজনকভাবে দেশে মাত্র ৬৫ শতাংশ মানুষ শুদ্ধভাবে বাংলা বলতে পারে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান, পাঠ্যক্রম এবং কনটেন্টের উন্নয়নের ওপরও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগ এবং তাদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে ওপর থেকে সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে মাঠপর্যায়ের শিক্ষকদের সম্পৃক্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি প্রধান শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায়ই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। সেমিনার শেষে শিক্ষকদের অংশগ্রহণে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

