বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে দেশীয় সংস্কৃতির নানা উপকরণ যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলা প্রদর্শন করা হয়। শিশুদের বাঙালিয়ানার সাজ-পোশাক ছিল বিশেষ আকর্ষণ।
দেশাত্মবোধক, জারি, সারি ও ভাটিয়ালি গানে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতি রক্ষা ও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তারা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার আহ্বান জানান। একই সঙ্গে এমন সংস্কৃতি থেকে দূরে থাকার কথাও বলা হয়, যা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।
শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ রাজধানীর নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

