নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছবেদুল ইসলাম রনি নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪নভেম্বর) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনি পত্নীতলা উপজেলার অনন্তপুর গ্রামের মো: গয়েস উদ্দিনের ছেলে। এবং পাটিচড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া ছবেদুল ইসলাম রনির বড় পরিচয় তিনি দেড় হাজার গ্রাহকের প্রায় তিনশত কেটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া সুরমা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লি: নামে একটি এনজিও’র নির্বাহী পরিচালক (মালিক)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রনি ঢাকায় আত্মগোপনে আছেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম সোমবার দিনব্যাপী ঢাকা জেলার সাভার থানা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ৩টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার রনিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা এবং নওগাঁ সদর থানায় মোট ১১ টি ওয়ারেন্ট রয়েছে যার মধ্যে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী সে।। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাকে গ্রেপ্তার করতে পারায় পত্নীতলা এলাকার বেশ কিছু জনগণ উল্লাস প্রকাশ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দেড় হাজার গ্রাহকের প্রায় ৩০০ কোটি টাকা নিয়ে রাতারাতি উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে জনগণ অফিস ঘেরাও করার আগেই পালিয়ে যায় রনি। এতে বিক্ষোভ শুরু করে। কেউ টাকা হারিয়ে হয় নি:স্ব, কারো সংসারে অশান্তি, আবার কেউ কেউ এই সুরমা এনজিও’র কারণে অপমান সহ্য করতে না পেরে করেছেন আত্মহত্যা। প্রতারক রনির কারণে সাবিনা ইয়াসমিন (৪০) ও সিরাজুল ইসলাম বকুল (৪৫) নামে দুই এনজিও কর্মকর্তার জীবন নিভে গেছে।
এছাড়া ছবেদুল ইসলাম আবার এনজিও’র গচ্ছিত টাকা দিয়ে সুরমা ব্রিকস-১ ও সুরমা ব্রিকস-২ নামের দুটি ইট ভাটা পরিচালনা করতেন। সেই ইটভাটার ইট নিয়েও করেছেন প্রতারণা।
শুধু তাই নয়, ববি রায় (৩০) নামে এক গৃহবধূর কেনা একটি ফ্লাট বাসাও নিজের বলে দাবি করে দখল করেছেন। ৫আগষ্টের পট পরিবর্তনের সুযোগে তিনি ওই ফ্লাট বাসাটি নিজের দখলে রাখতে ববি রায়সহ ৮জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।
আর এভাবেই তিনি কাউকে ইট দেওয়ার কথা বলে, কাউকে বেশি লাভের প্রলোভন দেখিয়ে, আবার কাউকে মিথ্যে মামলায় জড়িয়ে বাড়ি দখল করে করেছেন প্রতারণা। কিন্তু এতোকিছুর পরও সে ছিল ধরাছোঁয়ার বাইরে, পালন করছেন চেয়ারম্যানের দায়িত্ব।
অবশ্য সে সময় তিনিও নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলুসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সুযোগ সুবিধা ভোগ করেছেন। ৫আগষ্টের পর কিছুদিন ভোল পাল্টিয়ে তৎকালীন প্রভাবশালীদের ছত্রছায়ায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছিলেন।

