জমজমাট আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় প্রেস ক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য খই, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা, খিচুড়ি ও পান্তা-ইলিশের আয়োজন করা হয়। পরে মধ্যাহ্নভোজেও দেশীয় খাবারে অংশ নেন সদস্যরা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে। এরপর বাউল, ভাওয়াইয়া ও দেশীয় গানে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল ও শামিম বাউল। এছাড়া আরও কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুলনাচ। এতে উপস্থিত দর্শনার্থীরা উৎসবের আমেজে মেতে ওঠেন।
প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলা নববর্ষ সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্যের প্রতীক এবং এই উৎসব আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক পরিবার অংশ নেন। পুরো আয়োজনটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

