জামালপুরে কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত প্রায় এগারোটার দিকে তার মৃত্যু হয়। মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গত ১৫ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালীন তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ছুটির দিন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক না পাওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, তিনি নিজেও সড়ক দুর্ঘটনায় আহত থাকায় বিস্তারিত বলতে পারছেন না। তার বোন এ বিষয়ে ভালো বলতে পারলেও বাবার মৃত্যুর শোকে তিনি বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন।
জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রাণী সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়েছে। তবে জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।

