আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার রুবেল হোসেন। এর মাধ্যমে তিন ফরম্যাটে জাতীয় দলের হয়ে এক দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রুবেল তার অবসরের বিষয়টি ভক্ত-অনুরাগীদের জানান। ফেসবুকে তিনি লিখেছেন, আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচ। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালাম।
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এ প্রসঙ্গে রুবেল বলেন, ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যেতে চাই।
ক্যারিয়ার জুড়ে যারা তাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রুবেল বলেন, আমার পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের ধন্যবাদ। আমি বিশ্বাস করি, আপনারা সারাজীবন আমাকে আপনাদের পাশে রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা।
উল্লেখ্য, রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ। সব মিলিয়ে তিনি ১৯৩টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে টেস্টে ৩৬টি, ওয়ানডেতে ১২৯টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট রয়েছে। ওয়ানডেতে তার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৬ উইকেট।

