সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। এর পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন তামিম। এরই ধারাবাহিকতায় ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধির পর এবার তিনি নজর দিয়েছেন মাঠে দর্শকদের অভিজ্ঞতা উন্নয়নের দিকে।
বিসিবির এক ভিডিও বার্তায় তামিম ইকবাল বলেন, খেলোয়াড় ও স্টাফদের সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা হলেও দর্শকদের সুবিধা-অসুবিধা নিয়ে এতদিন তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দর্শকরাই ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার। তাই এই জায়গায় পরিবর্তন আনতে চান তিনি।
তামিম জানান, মাঠে এসে যেন দর্শকরা একটি আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা পান, সেটিই তার মূল লক্ষ্য। গেট থেকে প্রবেশ, আসনে বসা, পানীয় ও খাবারের ব্যবস্থা—সবকিছু মিলিয়ে একটি ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে চান তিনি।
এ লক্ষ্যেই দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার উদ্যোগ নিয়েছেন তামিম। তিনি বলেন, একসঙ্গে সব দর্শকের সঙ্গে কথা বলা সম্ভব না হলেও প্রতিটি ম্যাচে মাঠে উপস্থিত দর্শকদের মধ্য থেকে ৫ থেকে ১০ জনকে বাছাই করে তাদের সঙ্গে বসে মতামত নেওয়া হবে। তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই এই উদ্যোগ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তামিম। ১৭ তারিখে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম ম্যাচ থেকেই দর্শকদের সঙ্গে এই সরাসরি সংলাপ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

