বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ম্যাচে চুক্তি থাকা সত্ত্বেও মাঠে না নামায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’।
মার্কিন সংবাদমাধ্যম টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ওই ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। তবে তিনি পুরো ম্যাচেই মাঠের বাইরে অবস্থান করেন। আয়োজকদের দাবি, মেসির না খেলার কারণে ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হতে হয়েছে এবং টিকিটের চাহিদা কমে যাওয়ায় প্রায় ১০ লাখ মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছে তারা।
ঘটনাটিকে ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে মেসির ফিটনেস নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে না খেললেও পরদিনই তিনি ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন, যা আয়োজকদের অভিযোগকে আরও জোরালো করেছে।
মাঠের বাইরে আইনি এই লড়াই চললেও ইন্টার মায়ামির জার্সিতে মেসির পারফরম্যান্সে কোনো ভাটা পড়েনি। ৯৬ ম্যাচে ৮৩ গোল করে দলকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন তিনি। তবে এই মামলার প্রভাব আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে মানসিক চাপ তৈরি করে কিনা, তা এখন দেখার বিষয়।

