ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় স্থান পেয়েছেন বান্দরবান বিএনপির নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা।
দলীয় সূত্র জানায়, প্রাপ্ত আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে মনোনয়ন বোর্ড জানিয়েছে।
অ্যাডভোকেট মাধবী মারমা বান্দরবান জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বান্দরবান জেলা জজকোর্টের আইনজীবী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

