পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ইতোমধ্যে ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে একজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন সৌদি আরবে গেছেন।
চলতি মৌসুমে হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। নইম উদ্দীন মন্ডল (৭৫) নামের ওই ব্যক্তির বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনে অংশ নেবেন।

