দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২২৯ জন। আর ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ হাজার ৮৯২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৫ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়সীমায় সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।

