পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার পর মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।
নিহত যুবকের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি একই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক খুঁটিতে উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটির নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়া ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
ওসি মো. রবিউল ইসলাম জানান, ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

