যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিখোঁজের আটদিন পর জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যঘন করে তুলেছে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, আবুঘারবিয়েহ পূর্বে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (USF)-এর শিক্ষার্থী ছিলেন। তবে গ্রেফতারের সময় তিনি সেখানে অধ্যয়নরত ছিলেন না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানান, তিনি ২০২১ সালের স্প্রিং সেমিস্টার থেকে ২০২৩ সালের স্প্রিং পর্যন্ত সেখানে পড়াশোনা করেন এবং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের চেষ্টা করছিলেন।
হিলসবরো কাউন্টি শেরিফের দফতরের তথ্য অনুযায়ী, আবুঘারবিয়েহ-এর বিরুদ্ধে একাধিক পূর্ববর্তী অপরাধের রেকর্ড রয়েছে। আদালতের নথি থেকে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শারীরিক হামলা (ব্যাটারি) ও একটি খালি বাসায় চুরির অভিযোগ আনা হয়। একই বছরের মে মাসে আরও একটি ব্যাটারির অভিযোগ ছিল। এসব অভিযোগই লঘু অপরাধ হিসেবে শ্রেণিবদ্ধ।
এছাড়া আদালতের নথিতে দেখা যায়, ২০২৩ সালে তার পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে দুটি গার্হস্থ্য সহিংসতার অভিযোগ দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় আদালত নিষেধাজ্ঞা জারি করে, অন্যটি খারিজ করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাও নথিভুক্ত রয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ক্যাম্পাসের উত্তরে অবস্থিত তার পারিবারিক বাসা থেকে গার্হস্থ্য সহিংসতার একটি কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে আবুঘারবিয়েহ নিজেকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখেন এবং বাইরে আসতে অস্বীকৃতি জানান। পরে SWAT দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শেষ পর্যন্ত তিনি শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করেন।
তদন্তকারীরা জানান, বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হলেও তা মাঝপথে শেষ হয়। পরদিন শুক্রবার সকালে গ্রেফতারের পর তিনি পুনরায় গোয়েন্দাদের সঙ্গে কথা বলা শুরু করেন।
এদিকে, নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টিকে খুঁজতে হিলসবরো কাউন্টি শেরিফের দফতরের মেরিন ও ডাইভ টিম হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।

