ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন শিশু ভর্তি হয়েছে, ফলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।
রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২১ এপ্রিল জেলার ত্রিশাল থেকে সাড়ে ৩ বছরের এক শিশু হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৩ জন। এ নিয়ে মোট ৭৫৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদান করছেন।

