খুলনার পাইকগাছা উপজেলায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন বৈরাগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নাবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টার দিকে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ছোট ভাই কিরণ বৈরাগীর ধাক্কায় বীরেন বৈরাগী মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ছোট ভাই কিরণ বৈরাগীর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

