ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে “টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং” শীর্ষক একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ ওয়েবিনারটি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলে।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাইমস হায়ার এডুকেশন – ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস-এর জেনারেল ম্যানেজার ও সিনিয়র রিজিওনাল ডিরেক্টর (এশিয়া) রিটিন মালহোত্রা। তিনি তার উপস্থাপনায় টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং পদ্ধতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ সূচকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া, যিনি তার বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে অগ্রগতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। এছাড়া কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
ওয়েবিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন। এতে ইংরেজি, সমাজকর্ম, আইন, ব্যবসায় শিক্ষা, সিএসই, আইটি, ইইই, ফার্মেসি ও সিভিল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ইউআইটিএস রিসার্চ সেন্টারের পরিচালক, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক এবং বিভিন্ন ইউনিট প্রধানরা অংশগ্রহণ করে আলোচনাকে সমৃদ্ধ করেন।
আলোচনার মূল প্রতিপাদ্য ছিল আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে একটি বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে শিক্ষক-গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ গবেষণা সংস্কৃতি জোরদার, আন্তর্জাতিক মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

