লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৯ জন। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের লিবিয়া শাখা এবং দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
রেড ক্রিসেন্টের এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে নৌকাটি ভেঙে পড়ে এবং প্রায় আট দিন সাগরে ভাসতে থাকে। পরে লিবিয়ার নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করে।
অনুসন্ধান কার্যক্রম ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিখোঁজ ৯ জনের মরদেহ সাগরের ঢেউয়ে তীরে ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, নিহতরা সবাই আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের অভিবাসনপ্রত্যাশী। তবে তাদের সুনির্দিষ্ট জাতীয়তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, ইউরোপে যাওয়ার আশায় আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশগুলোর বহু মানুষ লিবিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। ঝুঁকিপূর্ণ এই সাগরপথে প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে।

