তারেক রহমান সিলেটের এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে রসিকতাপূর্ণ মন্তব্য করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছেন। শনিবার (২ মে) কান্দিগাঁও ইউনিয়ন–এ আয়োজিত জনসভায় তিনি বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।”
একদিনের সরকারি সফরে শনিবার সকালে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। বৃষ্টির মধ্যেই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশ ও জনসভায় অংশ নেন।
দুপুরে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের আগে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার সময় নেতাকর্মীরা “দুলাভাই” বলে স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী মুচকি হেসে বলেন, “দুলাভাইকে কথা বলতে না দিলে তো দুলাভাই চলে যাবে। যাব আমি? কথা বলব না যাব? কথা বলতে হলে চুপ করতে হবে।” পরে তিনি আরও বলেন, “আমি কথা বললে শ্বশুরবাড়ির লোকদের শুনতে হবে।” তার এই মন্তব্যে সমাবেশস্থলে হাসির রোল পড়ে যায়।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তাদের জবাবদিহিতা জনগণের কাছেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
তিনি জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব যোগ্য পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধর্মীয় নেতাদের ভাতা প্রদান, খাল পুনঃখনন এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, শিল্পকারখানা চালু হলে কর্মসংস্থান বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

