ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইতোমধ্যে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতে নতুন করে আরও চার জেলায় বন্যার আশঙ্কা করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার (২ মে) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি ভারী এবং হাওর অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও মৌলভীবাজার অঞ্চলে আগামী তিন দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানি প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের হাওরসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নেত্রকোণার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও হাওর এলাকার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। একই সঙ্গে নেত্রকোণা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে খালিয়াজুড়ি পয়েন্টে বাউলাই নদীর পানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে হবিগঞ্জের খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজারের মনু ও জুড়ি নদীর পানিও আগামী তিন দিন বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি এবং হবিগঞ্জে বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

