অবশেষে আলোর মুখ দেখেছে দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামী ৪ মে থেকে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে। এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আন্তর্জাতিক ম্যাচের আদলে কঠোর ফিক্সিংবিরোধী প্রটোকল অনুসরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (২ মে) নতুন আসর সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল এসব তথ্য জানান। তিনি বলেন, বিপিএলের মতো ডিপিএলেও খেলোয়াড় ও সংশ্লিষ্টদের জন্য মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাঠে প্রবেশের পর সবাইকে ফোন জমা দিতে হবে এবং ড্রেসিংরুমে কেউ ফোন ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র দলের ম্যানেজারের কাছে একটি ফোন থাকবে, যার মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ সম্পন্ন হবে।
তামিম ইকবাল আরও বলেন, খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাই ইতোমধ্যে দুর্নীতিবিরোধী প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এ বিষয়ে বোর্ড অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের মতোই সব নিয়ম-নীতি অনুসরণ করা হবে। কিছু ক্ষেত্রে তা কঠিন হলেও স্বচ্ছতা নিশ্চিত করতে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

