চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আয়োজিত এক মাহফিলে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী বিরোধীদের উদ্দেশে ‘বট বাহিনী’ উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (২ মে) দুপুরে অনুষ্ঠিত ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, তারা মাজার পূজারি নন; বরং মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত, জিকির-আসকার করা সুন্নতের অন্তর্ভুক্ত।
তিনি অভিযোগ করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘মাজার পূজারি’ বলে অপবাদ দিচ্ছে এবং সামাজিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, তাদের পরিচয় সুন্নি মুসলিম হিসেবে এবং তারা সুন্নাহর অনুসারী হিসেবেই চলেন।
সমসাময়িক প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। সংসদের ভেতরে মিলেমিশে থাকার কথা বলা হলেও বাইরে গিয়ে ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, বর্তমান পরিস্থিতি আগের চেয়েও বেশি ফ্যাসিবাদী হয়ে উঠেছে।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের সমালোচনা করে তাহেরী বলেন, রাত জেগে মোবাইল ব্যবহার মানুষের সময় নষ্ট করছে এবং শারীরিক ক্ষতি ডেকে আনছে। তিনি মুসল্লিদের উদ্দেশে বলেন, এশার নামাজের পর ঘুমিয়ে ফজরের নামাজের জন্য জেগে ওঠা ইবাদতের অংশ হিসেবে গণ্য হবে।
মাহফিলে তিনি কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন ধর্মীয় দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী। মাহফিলটি সঞ্চালনা করেন দরবারের মসজিদে ফাতেমাতুজ যোহরার খতিব মাওলানা জাকারিয়া শিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসানপুর শহীদ নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জামাল, ফরাজীকান্দি কামিল মাদ্রাসার সাবেক ফকিহ মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক হেলাল উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ড. এটিএম আহমাদ হোসাইন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, চিকিৎসক ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইমামুত ত্বরিকত আল্লামা শায়েখ বোরহানউদ্দিন (র.)-এর ৬২তম এবং আল্লামা শায়েখ ড. মনজুর আহমেদের ১৪তম ওয়েসাল দিবস উপলক্ষে এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

