ময়মনসিংহ-৬ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মোসলেম উদ্দিন মারা গেছেন। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মোসলেম উদ্দিন দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৭০ সালের নির্বাচনে তিনি গণপরিষদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।
পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। পাশাপাশি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মোসলেম উদ্দিনকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

