সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (০২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়ন চিফ রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক কার্যক্রম শেষে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে রিটার্নিং কর্মকর্তা তাদের জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে শিগগিরই দলটির পক্ষ থেকে ব্রিফিং করা হবে বলেও জানান তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে।

