দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত কারণে আরও ২৩৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গত দেড় মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন। পাশাপাশি সন্দেহভাজন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৩২৫ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের শিশুদের নিয়মিত টিকাদান সম্পন্ন করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

