দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার একযোগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর, জেলা ও কলেজ পর্যায়ে মোট ২৯টি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কোথাও পূর্ণাঙ্গ, কোথাও আংশিক এবং কিছু ক্ষেত্রে বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।
মেডিকেল কলেজ পর্যায়ে ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।
মহানগর ও জেলা পর্যায়েও বড় ধরনের পরিবর্তন এনেছে সংগঠনটি। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
কুমিল্লা ছাত্রদলে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
কলেজ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে দেওয়া হয়েছে বর্ধিত কমিটি।
ছাত্রদলের নেতারা বলছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে।

