সোশ্যাল মিডিয়ার জগতে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ডের আবির্ভাব ঘটে। গত বছর যেখানে জিবলি অ্যানিমেশন স্টাইল জনপ্রিয় ছিল, কিছুদিন আগে দেখা গেছে থ্রিডি ক্যারিকেচারের ঢল। আর এবার নতুন করে আলোচনায় এসেছে ‘ক্রেয়ন ড্রয়িং’ ট্রেন্ড, যেখানে প্রোফাইল ছবিগুলোকে এমনভাবে রূপান্তর করা হচ্ছে যেন তা কোনো শিশুর মোমরঙে আঁকা ছবি।
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে ফেসবুক ব্যবহারকারীদের এই ট্রেন্ডে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল ছবি বা কভার ফটো এআই প্রযুক্তির মাধ্যমে ক্রেয়ন স্টাইলে রূপান্তর করে শেয়ার করছেন, যা দ্রুতই সবার দৃষ্টি আকর্ষণ করছে।
সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আরিফুল ইসলাম জানান, এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, শৈশবের আঁকাআঁকির স্মৃতির প্রতি মানুষের এক ধরনের আবেগ কাজ করে। ক্রেয়ন স্টাইল সেই স্মৃতিকে নতুনভাবে সামনে নিয়ে আসে। দ্বিতীয়ত, আগে এমন ছবি তৈরি করতে ফটোশপ বা ইলাস্ট্রেটরে দীর্ঘ সময় ব্যয় করতে হতো, কিন্তু এখন এআই প্রযুক্তির সাহায্যে কয়েক সেকেন্ডেই তা সম্ভব হচ্ছে। তৃতীয়ত, প্রচলিত ফিল্টারের তুলনায় ক্রেয়ন স্টাইল অনেক বেশি ব্যতিক্রমী ও আকর্ষণীয়।

তরুণ পেশাজীবী ফাহমিনা আকতার জানান, অন্যদের দেখে অনুপ্রাণিত হয়ে তিনিও এই ট্রেন্ডে অংশ নেন। তার প্রোফাইলে থাকা একটি বাঘের কভার ফটো এআইয়ের মাধ্যমে নতুনভাবে কিউট আকারে ফুটে উঠেছে, যা তাকে আনন্দ দিয়েছে।
এই ট্রেন্ডে অংশ নেওয়াও বেশ সহজ। একটি পরিষ্কার ছবি বা ফেসবুক প্রোফাইলের স্ক্রিনশট নিয়ে এআই প্ল্যাটফর্মে আপলোড করতে হয়। এরপর নির্দিষ্ট নির্দেশনা দিলে এআই সেটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করে দেয়। ভালো ফল পেতে পর্যাপ্ত আলোযুক্ত ও পরিষ্কার ছবি ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
ইংরেজি প্রম্পট: Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.
বাংলা প্রম্পট: এই ছবিটিকে ক্রেয়ন ড্রয়িং স্টাইলে রূপান্তর করো। এটা যেন দেখতে ১০ বছরের বাচ্চার আঁকা ছবির মতো মনে হয়। ছবিতে ফুল, তারা, মেঘ ও ক্যান্ডির মতো কিছু সুন্দর উপাদান যোগ করতে পারো, যেন এটি আরও কিউট ও প্রাণবন্ত লাগে।
প্রযুক্তিনির্ভর এই ট্রেন্ডটি মূলত ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝে শৈশবের সরলতায় ফিরে যাওয়ার এক নতুন উপায় হয়ে উঠেছে। সহজ-সরল এই চিত্রভঙ্গি মানুষের মধ্যে আনন্দ ও নস্টালজিয়া তৈরি করছে, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলছে।

