সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। রোববার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি পিকআপ ভ্যানে করে ১০ থেকে ১২ জন নির্মাণশ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে সিলেটমুখী কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই চারজন মারা যান।
পরে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও চারজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। তিনি জানান, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেয়। হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ঢাকা-সিলেট মহাসড়কে একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০২৩ সালে নাজিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন।

