ভারতের আসাম রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায়ও প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোট। পশ্চিমবঙ্গের মতো এই সীমান্তবর্তী রাজ্যেও ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ‘পদ্মফুল’ প্রতীক।
সংবাদমাধ্যম এনডিটিভি-এর তথ্য অনুযায়ী, বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১২৬টি আসনের মধ্যে ৯৬টিতে এগিয়ে রয়েছে বিজেপি ও তাদের জোটসঙ্গীরা। অপরদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে রয়েছে ২৬টি আসনে। এছাড়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট দুটি আসনে এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।
আসাম রাজ্যে মোট ১২৬টি বিধানসভা আসন রয়েছে, যা ৩৫টি জেলায় বিভক্ত। রাজ্যের জনসংখ্যা ৩ কোটির বেশি এবং ভোটার সংখ্যা প্রায় ২ কোটি ৪০ লাখ। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এনডিএ জোট এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ৯ এপ্রিল আসামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে ভোট গণনা শুরু হয়েছে।
এবারের নির্বাচনে তিনটি প্রধান জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে—বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এবং অন্যান্য দল নিয়ে গঠিত এআইইউডিএফ জোট। মোট ৭২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন, যার মধ্যে ২৫৮ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী।
বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা একসময় কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। ২০১৪ সালে দল ত্যাগ করে ২০১৫ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর ২০১৬ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। এবারের নির্বাচনে জয়ী হলে তার নেতৃত্বে বিজেপির আরও এক মেয়াদ নিশ্চিত হতে পারে।

