বিজয়-এর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতেই চমক দেখিয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরুর পর প্রাথমিক ফলাফলে ঐতিহ্যবাহী দলগুলোর চেয়ে এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে দলটির।
রাজ্যের ২৩৪টি আসনে গণনা শুরু হলে প্রথমে ডাকযোগে দেওয়া ভোটে (পোস্টাল ব্যালট) ভালো অবস্থানে থাকে টিভিকে। এরপর ইভিএমের ভোট গণনাতেও কয়েকটি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, বিজয় নিজে তিরুচিরাপল্লি পূর্ব ও পেরাম্বুর—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিরুচিরাপল্লি পূর্ব আসনে তিনি প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন।
টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড দাবি করেছেন, কোনো জোট ছাড়াই তারা সরকার গঠনে আশাবাদী। এবারের নির্বাচনে দলটি এককভাবে অংশ নিয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম, অখিল ভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম এবং ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন জোটসহ অন্যান্য শক্তিশালী দল।
বিভিন্ন আসনে টিভিকে প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে তিরুচিরাপল্লি পশ্চিম, শ্রীভাইকুন্তম, তিরুভোত্তিয়ুর ও রাধাপুরাম আসন উল্লেখযোগ্য।
টিভিকে’র অংশগ্রহণে তামিলনাড়ুর রাজনীতিতে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। এতদিন ডিএমকে ও এআইএডিএমকে জোটই প্রধান শক্তি হিসেবে বিবেচিত হলেও নতুন এই দলের উত্থানে রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
চেন্নাইসহ বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা চলছে। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ফলাফল নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

