ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালীন সময়েই রাজ্যের বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাঁকুড়ার কোতুলপুর এলাকায় তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বরানগরের ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক দলের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে, জামুড়িয়া বিধানসভার চুরুলিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বীজপুর ও নোয়াপাড়ায় তৃণমূলের প্রার্থীদের ওপর হামলার অভিযোগও করেছে দলটি। এসব ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা প্রশাসন ও পুলিশকে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
এর আগে কলকাতার সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের কর্মীরা সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে বিজেপি সমর্থকেরা সেখানে এসে পুলিশের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি বা তার দল এখনই পরাজয় মেনে নিতে প্রস্তুত নন। তিনি বলেন, কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্র ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০টি আসনে এগিয়ে রয়েছে, যা সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

