অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (৫ মে) কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প নিয়ে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে বলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। তার মতে, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান সময়ে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ক্রাইম রিপোর্টগুলো আগের সব সীমা অতিক্রম করেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে সম্প্রীতির ইতিবাচক বার্তা তুলে ধরতে হলে রাজনৈতিকভাবে সংখ্যালঘু হিসেবে বিবেচিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব চর্চার মাধ্যমে বিশ্বকে দেখাতে হবে যে বাংলাদেশ সব মত ও ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ আবাসভূমি।
হাসনাত আব্দুল্লাহর মতে, এই বার্তা নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা গেলে ভারতের নির্বাচন-পরবর্তী নেতিবাচক আশঙ্কাগুলোও দূর হবে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক প্রশস্তকরণের কৌশলগত দিকসমূহ উপস্থাপন করেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

