দেশে তেলের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকার পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তার ভাষায়, ‘তেলের কোনো সংকট কখনো ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও হবে না। কারণ, আমরা পর্যাপ্ত স্টক সংগ্রহ করছি।’
লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে দেশে কোথাও নিয়মিত লোডশেডিং নেই। কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে তা মূলত লাইনের ত্রুটির (ফল্ট) কারণে হয়ে থাকে। বিশেষ করে গ্রামীণ এলাকায় পল্লী বিদ্যুতের দীর্ঘ লাইনে ত্রুটি শনাক্ত ও মেরামতে কিছুটা সময় লাগে, যার ফলে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে যে ‘কৃত্রিম সংকট’ তৈরি হয়েছিল, তা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। ডিসি সম্মেলনে দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

