বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সর্বশেষ আসরের খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা এখনও পুরোপুরি সমাধান হয়নি। এবার আবারও বকেয়া পাওনা না পাওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ, যিনি সিলেট টাইটান্সের হয়ে খেলেছিলেন। তার দাবি, চুক্তি অনুযায়ী পাওনা ৩৫ লাখ টাকা এখনও তাকে পরিশোধ করা হয়নি।
এর আগে সিলেট টাইটান্স এক বিবৃতিতে জানায়, নাসুমের সকল পাওনা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং তার কোনো বকেয়া নেই। ফ্র্যাঞ্চাইজিটির ভাষ্য অনুযায়ী, বিসিবির কার্যালয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছিল।
তবে সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসুম আবারও তার পাওনা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে। এ সময় ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে তার কথোপকথনের স্ক্রিন রেকর্ডও প্রকাশ করেন তিনি।
পোস্টে নাসুম হতাশা প্রকাশ করে লেখেন, তার পাওনা আদায়ের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বিষয়টি যেন গুরুত্বসহকারে দেখা হয়। পাশাপাশি দলের সংশ্লিষ্টদের প্রতিও তিনি সহায়তার আবেদন জানান।

