চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইন আম ব্যবসাকে আরও সুরক্ষিত ও বিশ্বাসযোগ্য করতে বিশেষ ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে অনলাইনভিত্তিক আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে আস্থা বৃদ্ধি এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরছেন, যার মধ্যে আম শিল্পকে ঘিরে এই নতুন উদ্যোগটি বিশেষভাবে আলোচনায় এসেছে।
মঙ্গলবার (৫ মে) সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আম এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই খাতের উন্নয়ন ও সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, যা উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি করে। এই সমস্যার সমাধানে ‘আম কার্ড’ চালু করা হলে লেনদেন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারেও তিনি একই ধরনের পরিকল্পনার কথা উল্লেখ করেন। সেখানে তিনি অনলাইন আম ব্যবসার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন এবং আস্থার ঘাটতি দূর করতে নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তার এই প্রতিশ্রুতি নিয়ে স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

