রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার পাশাপাশি হাম-রুবেলা, ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে এসেছে। এর মধ্যে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি ও টাইফয়েড টিকাও রয়েছে।
তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই চালান আনা হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় থাকা কিছু টিকা ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল, যা এই নতুন চালানের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
চালান গ্রহণ শেষে মন্ত্রী আশ্বস্ত করে বলেন, “১৫ লাখ ডোজ হামের টিকা ইতোমধ্যে দেশে পৌঁছেছে। আগামীতে আর কোনো টিকার সংকট তৈরি হবে না।” তিনি আরও জানান, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য।
এছাড়া আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

