রাজশাহীতে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়। একই সময়ে নতুন করে আরও ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১১১ জন।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৩ জন ভর্তি হয়েছেন।

