সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী নবনির্বাচিত এই সংসদ সদস্য সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমার নির্ধারিত সময় থাকলেও নুসরাত তাবাসসুম জ্যোতি ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় অতিক্রম করায় নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে রিট দায়ের করেন।
আদালত তার আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ এবং আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর ইসি তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে, যার পরিপ্রেক্ষিতে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

