বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন নির্ধারণ করা হয়েছিল।
শুনানিকালে আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে র্যাব আব্দুর রউফকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে একই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

