বাংলাদেশ সফরের আগে পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বুধবার সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২ সালের পর আবারও পাকিস্তানের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া দল।
সূচি অনুযায়ী, আগামী ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩০ মে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দিনের বিরতি দিয়ে ২ জুন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ৪ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সফরের সবগুলো ম্যাচই স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে।
পাকিস্তান সফর শেষ করেই সরাসরি বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে তারা। সফরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুন ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। পরবর্তী ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

