ভারতের সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। শনিবার (৯ মে) দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি।
বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এ পদে রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও ছিলেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতের ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘গারওয়াল রাইফেলস’-এ কমিশন লাভের মাধ্যমে তার সামরিক জীবনের সূচনা হয়। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপ্রবণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও প্রশাসনিক দায়িত্বও সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও অধ্যয়ন করেছেন।
দীর্ঘ সামরিক জীবনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

