বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. সামন্ত লাল সেনকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসা কার্যক্রমে যুক্ত হতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। হুম্মাম কাদের চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় ব্যাপক হতাহতের পরিস্থিতি সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ, আহতদের হাসপাতালে নেওয়া এবং বার্ন ইউনিট ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালানো হচ্ছিল।
তিনি বলেন, দেশের বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার অন্যতম অগ্রদূত ডা. সামন্ত লাল সেনও ওই ঘটনায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ডা. সামন্ত লাল সেন বার্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে, তিনি যেকোনোভাবে সহযোগিতা করতে প্রস্তুত। তবে সেই প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো সাড়া দেওয়া হয়নি।
হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, সরকার চাইলে হয়তো আরও কিছু প্রাণ রক্ষা করা সম্ভব হতো। তিনি অভিযোগ করে বলেন, একগুঁয়েমি ও সিদ্ধান্তহীনতার কারণে অনেক ক্ষেত্রেই জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

