বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত রাজনীতিকরণে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি এর বাস্তব উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে ইতিবাচকভাবে ভাবছে এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না।
এ সময় তিনি ‘জুলাই বিপ্লবে’ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহতদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।
পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। তবে কোনো নিরীহ মানুষ যেন নির্যাতনের শিকার না হন এবং কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে অত্যাচার না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টার বিষয়টিও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
সকালবেলা বিমানবন্দরে পৌঁছালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

