পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে ভয়াবহ গাড়িবোমা হামলা চালানো হয়েছে। হামলার পর সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা বাহিনী।
শনিবার রাতের এ হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী।
বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানান, প্রথমে একটি বিস্ফোরকবোঝাই গাড়ি নিরাপত্তা চৌকির কাছে এনে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো চৌকিটি ধসে পড়ে এবং আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।
পরে ঘটনাস্থলে উদ্ধার ও সহায়তায় গেলে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অ্যাম্বুশ কৌশল ব্যবহার করা হয় এবং কিছু ক্ষেত্রে ড্রোনও ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তার জন্য পাঠানো হলে সন্ত্রাসীরা তাদের ঘিরে ফেলে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িবোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

