২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে সেলেসাওরা। তবে ঘোষিত এই তালিকায় সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। বর্তমানে তিনি শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন এবং চলতি মৌসুমে ১২ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন। তবুও তার চূড়ান্ত স্কোয়াডে থাকা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তালিকায় থাকলেও নেইমারের ভাগ্য নির্ভর করছে আসন্ন ফিটনেস পরীক্ষার ওপর। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি নন। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সেখানে নেইমারের বর্তমান ফর্ম ও শারীরিক সক্ষমতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
এদিকে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ব্রাজিল ড্রেসিংরুমও। সতীর্থ রাফিনিয়া জানিয়েছেন, নেইমারকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয় এবং তিনি চান এই তারকা আবারও জাতীয় দলে নেতৃত্ব দিন। এমনকি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও আগে মন্তব্য করেছিলেন, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নেইমার থাকলে ফুটবল আরও উপভোগ্য হয়ে ওঠে।
আগামী বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে এবং ২৪ জুন মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা।

