সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা ও সম্মাননা জ্ঞাপন করা হয় এবং তাদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. এ. এস. এম. তারেক ইকবাল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মশিউর রহমান সবুজ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. শামীম সরকার ও আইন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারমিন জাহান রুনা।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, আইন পেশায় সাফল্য অর্জনের জন্য ন্যায়পরায়ণতা, সততা ও পেশাগত দক্ষতার বিকাশ অত্যন্ত জরুরি। তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ ও পরিপাটি সাংস্কৃতিক পরিবেশনা আয়োজন করা হয়, যা সমগ্র অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন আবহ তৈরি করে।

