হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দৈনিক গড়ে ১০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হিসাব সঠিক ধরে নিলেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে সরকার তদন্ত শুরু করেছে। হামে এত শিশুর মৃত্যু কেন হলো এবং কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের সংখ্যা বৃদ্ধি এবং গরমে ভাইরাসের দ্রুত বিস্তার পরিস্থিতি জটিল করে তুলেছে। শিশুদের জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

